বলিউডের সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে পিকে

আমির খান অভিনীত ছবি ‘পিকে’ বলিউডের সব ব্যবসা সফলতার রেকর্ড অবশেষে ভেঙে দিলো। ১৯শে ডিসেম্বর মুক্তি পেয়ে এখন পর্যন্ত ভারতে ৩৫০ কোটি রুপি আয় করেছে ছবিটি। ভারতসহ সারা বিশ্বে ছবিটি আয় করেছে ৬০০ কোটি রুপি। ভারতে ছবিটি এখনও চলছে হাউজফুল দর্শক সমাগমের মধ্য দিয়ে। এর মাধ্যমে বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের ছবিতে পরিণত হয়েছে ‘পিকে’।
রাজকুমার হিরানি পরিচালিত এ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন আমির খান। এছাড়াও রয়েছেন আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, সুশান্ত সিং রাজপুত ও বোমান ইরানি। তবে আমিরের অনবদ্য অভিনয়, ছবির গল্পের ভিন্নধর্মিতা, অসাধারণ নির্মাণশৈলীর কারণেই ছবিটি এমন সফলতার রেকর্ড গড়েছে বলে মনে করছে বলিউডবোদ্ধারা। এর মাধ্যমে আমির নিজের সফলতাকেই ছাপিয়ে গেলেন। কারণ, ২০১৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া তার অভিনীত ‘ধূম-৩’ ছিল এখন পর্যন্ত বলিউডের সর্বোচ্চ আয়ের ছবি। সেই ছবিকেই ব্যবসা সফলতার দিক দিয়ে সম্প্রতি ছাড়িয়ে গেল ‘পিকে’। ধর্মীয় গোড়ামির অনেক বিষয়ই উঠে এসেছে এ ছবির মধ্য দিয়ে। আর এ কারণেই কয়েকটি হিন্দু সম্প্রদায় ছবিটি নিষিদ্ধ করার দাবিও জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি টিকেনি। বরং ভারতের কিছু কিছু রাজ্যে করমুক্ত করা হয়েছে ছবিটিকে। নির্মল বিনোদনের মধ্য দিয়ে একটি সুন্দর মেসেজ দেয়া এ ছবিটির আয় শেষ পর্যন্ত কত কোটি রুপিতে গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়।

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment