দিল্লিতে জনসম্মুখে কৃষকের আত্মহত্যা

ভারতের রাজধানী দিল্লিতে আম আদমি পার্টির একটি জনসভা চলাকালীন গলায় গামছা দিয়ে জনসম্মুখে আত্মহত্যা করে রাজস্থানের এক কৃষক। তার কাছে একটি চিঠি পাওয়া যায়। তাতে লেখা ছিল, যে তাঁর নাম গজেন্দ্র সিং রাজপুত আর তাঁর বাড়ি রাজস্থানের দৌসায়। চিঠিতে তিনি জানিয়েছেন যে তাঁর বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, ওদিকে ক্ষেতের ফসলও নষ্ট হয়ে গেছে। তিনটি বাচ্চাকে খেতে দিতে পারছেন না তিনি- তাই আত্মহত্যা করছেন।

নরেন্দ্র মোদীর সরকার যে নতুন জমি আইন পাশ করানোর চেষ্টা করছে, যেটি – বিরোধীদের কথায়, আদ্যন্ত কৃষক বিরোধী, তার বিরুদ্ধেই দিল্লির কেন্দ্রস্থলে যন্তরমন্তর এলাকায় আম আদমি পার্টির ওই জনসভা চলছিল।

গোটা ঘটনাটাই ভারতের জাতীয় সংবাদমাধ্যম সরাসরি সম্প্রচার করেছে। এটা সকলের জন্যই অত্যন্ত লজ্জা যে দেশে এমন এক পরিস্থিতি তৈরী হয়েছে যে কৃষকেরা প্রকাশ্যে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন কংগ্রেস নেতা শচীন পাইলট

ছবিতে দেখা গেছে প্রথমে আম আদমি পার্টির চিহ্ন ঝাঁটা হাতে মি. সিং একটি গাছে চড়েন, অন্যদের দৃষ্টি আকর্ষণ করেন আর তারপর গলায় গামছা দিয়ে গাছের ডাল থেকে ঝুলে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

নিজেদের জনসভায় এরকম একটি ঘটনা ঘটে যাওয়ার পরে সংবাদ সম্মেলনে আম আদমি পার্টি নেতা আশুতোষ বলছিলেন, 'রাজস্থানের এক কৃষককে দিল্লিতে এসে আত্মহত্যা করতে হচ্ছে – এর থেকেই বোঝা যাচ্ছে দেশের কৃষকদের ওপরে কী প্রচন্ড চাপ বেড়েছে'। কংগ্রেস দলও নতুন জমি অধিগ্রহণ আইন নিয়ে প্রবল বিরোধিতা করছে। দলের নেতা ও রাজস্থানে সংগঠনের প্রধান শচীন পাইলট সাংবাদিকদের কাছে আজকের আত্মহত্যার ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছিলেন, 'এটা সকলের জন্যই অত্যন্ত লজ্জা যে দেশে এমন এক পরিস্থিতি তৈরী হয়েছে যে কৃষকেরা
প্রকাশ্যে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন।'

তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশ্যে বি জে পি-র মুখপাত্র সম্বিৎ পাত্র বলছিলেন, 'আপনি জানতে পারছিলেন যে সভার পাশেই কী ঘটছে, আপনি নিশ্চই খবর পেয়েছিলেন যে সেখানে এক কৃষক আত্মহত্যার চেষ্টা করছেন – তবুও আপনি দুমিনিটের জন্যও ভাষণ বন্ধ করেন নি। গোটা পৃথিবী আজ দেখল যে মৃতদেহ নিয়েও কীভাবে রাজনীতি করলেন আপনি মি. কেজরিওয়াল।' আম আদমি পার্টি অবশ্য বলছে তাঁদের স্বেচ্ছাসেবকরাই গাছে উঠে ওই কৃষককে বাঁচাতে চেষ্টা করেছেন। প্রায় ধরেও ফেলেছিলেন, কিন্তু ততক্ষণে গজেন্দ্র সিং ডাল থেকে ঝুলে পড়েছেন।

তাঁদের আরও অভিযোগ, দিল্লি পুলিশ বা দমকল বাহিনী উপস্থিত থাকলেও তারা ওই ব্যক্তিকে উদ্ধার করতে এগিয়ে আসে নি। এই ঘটনায় কেন্দ্রীয় সরকার দিল্লি পুলিশের কাছে বিস্তারিত তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment